ট্রাম্পের শান্তি প্রতিশ্রুতির পরও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দুপক্ষই যুদ্ধ অবসানে আশার কথা জানিয়েছিল। তবে এর মধ্যেও পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিয়েভ ও মস্কো। সোমবার ট্রাম্প শপথ নেওয়ার পরপরই দুই দেশ সংঘর্ষে জড়ায়। মঙ্গলবার রাতেও দুপক্ষ হামলা অব্যাহত রেখেছে। রাশিয়া জানিয়েছে, তারা ৫৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। যার মধ্যে অর্ধেকের বেশি সীমান্তবর্তী অঞ্চলে ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের দাবি, তারা ভোরোনেজ অঞ্চলের লিসকি শহরের কাছে একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে। এতে ডিপোতে আগুন ধরে যায়। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় হামলার ঘটনা এটি। অঞ্চলটির গভর্নর আলেক্সান্ডার গুসেভ বলেছেন, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন লাগে। সেই সঙ্গে রাশিয়ার পশ্চিমের শহর স্মলেনস্কে একটি বিমান কারখানায় হামলা চালিয়ে বিস্ফোরণ ঘটানোর দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, তারা রাশিয়ার ছোড়া ১৪১টি ড্রোনের মধ্যে ৯৩টি ধ্বংস করেছে।
