সাবেক মেয়রের বাসায় গোপন বৈঠক থেকে আটক ৮

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০২:৪৭ এএম

জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে দেশ ও রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের সময় তার আট অনুসারী আটক করেছে থানা পুলিশ। এ ছাড়া সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও বাঁশচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং এক যুবলীগ নেতা আটক হয়েছে।

গত সোমবার রাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় মেয়র ছানুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার আক্রাম হোসেন (৫২), আব্দুল মান্নান (৪৮), মাহমুদুর রহমান (৪৫) ও আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মো. হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মেয়র ছানুর অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম (৯), কম্পপুর মধ্যপাড়া এলাকার মো. শামীম (৩৮) এবং বসাকপাড়া এলাকার বিজয়।

এ ছাড়া সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিল এবং সরিষাবাড়ী পৌর যুবলীগ ৩ নম্বর ওয়ার্ড শাখার নেতা আব্দুল করিম রয়েছে।

পুলিশ জানায়, পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়িতে তার অনুসারীরা রাতে দেশ ও রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাবেক মেয়রের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়। তারা সাবেক মেয়র ছানুর অনুসারী ও আওয়ামী লীগ কর্মী। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। এ ছাড়া বাঁশচড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিল আদালত থেকে জামিনে বের হলে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে আবার গ্রেপ্তার করা হন। এ ছাড়া যুবলীগ নেতা আব্দুল করিমকে আটক করা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, সাবেক মেয়রের বাসায় দেশ ও রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া অন্য দুজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত