বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সদ্য সরে দাঁড়ানো নিক পোথাস জানিয়েছেন, দেশের ক্রিকেটের উন্নতিতে বড় বাধা হিসেবে কাজ করছে বোর্ডের অতিরিক্ত হস্তক্ষেপ। সাবেক কোচের মতে, ক্রিকেটীয় সিদ্ধান্তে বারবার হস্তক্ষেপের কারণে দল নিজেদের সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারছে না।
নিক পোথাস তার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ নিয়ে সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, বোর্ডের মূল কাজ হওয়া উচিত ক্রিকেট পরিচালনার জন্য সঠিক পরিবেশ তৈরি করা, কিন্তু বাংলাদেশে বোর্ড সরাসরি ক্রিকেটীয় সিদ্ধান্তে জড়িয়ে পড়ছে।
বাংলাদেশে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা নিয়ে পোথাস বলেন, 'আমি আমার সময়টা খুব উপভোগ করেছি। তবে বাংলাদেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বোঝানো যে, আপনারা যখন র্যাঙ্কিংয়ের নবম স্থানে আছেন, তখন উন্নতির জন্য পুরোনো পদ্ধতি বারবার অনুসরণ করলে চলবে না।'
তিনি আরও যোগ করেন, 'দেশের উইকেটগুলো (লো এবং স্লো) বড় সমস্যা। এগুলো খেলোয়াড়দের উন্নতিতে সহায়তা করে না। বিদেশের কন্ডিশনে আমাদের বোলাররা তাই সংগ্রাম করে। এসব উইকেট তৈরি হয় কোনো ব্যক্তিগত এজেন্ডার জন্য, দেশের ক্রিকেটের উন্নতির জন্য নয়।'
নিক পোথাস সরাসরি বলেন, 'নাজমুল হাসান (পাপন) পরিচালিত বোর্ড ছিল উন্নতির পথে বড় বাধা। বাংলাদেশে অসাধারণ প্রতিভা রয়েছে, এবং খেলোয়াড়রা দ্রুত শেখে। তবে সমস্যাটি ছিল বোর্ডের অতিরিক্ত হস্তক্ষেপ। ক্রিকেট পরিচালনা করা ক্রিকেটীয় ব্যক্তিদের কাজ। অথচ এখানে বোর্ড ব্যবসায়ী হিসেবে সফল হলেও, তারা ক্রিকেটীয় সিদ্ধান্তে নাক গলাচ্ছে। এটি কোনোভাবেই তাদের কাজ নয়।'
তিনি উদাহরণ দেন, 'বাংলাদেশ বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড। কিন্তু দেশের ক্রিকেট উন্নতির জন্য অত্যাবশ্যক একটি স্পিন বোলিং মেশিন পর্যন্ত নেই, যা যুক্তরাজ্যের প্রতিটি কাউন্টি দলের রয়েছে। এমন পরিস্থিতি দেশের ক্রিকেটের জন্য কতটা সহায়ক?'
ফারুক আহমেদের নেতৃত্বে নতুন বোর্ডের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হতে পারে, তা নিয়ে পোথাস বলেন, 'বোর্ডের উচিত হস্তক্ষেপ কমিয়ে কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের প্রতি আস্থা তৈরি করা। যখন বোর্ড আমাদের কাজ করতে দেয়, তখনই আমরা ভালো ফলাফল করেছি। যেমন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্য এসেছিল, কারণ তখন হস্তক্ষেপ হয়নি।'
তিনি আরও যোগ করেন, 'নতুন বোর্ডের কাজ হবে খেলোয়াড় ও কোচদের সঙ্গে আস্থা তৈরি করা। প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা, যেমন স্পিন বোলিং মেশিন। যদি তারা এটি করতে পারে, তবে দল অভূতপূর্ব সাফল্য পাবে, কারণ খেলোয়াড়দের প্রতিভা অসাধারণ।'
পোথাস বাংলাদেশে অতিরিক্ত প্রত্যাশার বিষয়টিও সামনে আনেন। তিনি বলেন, 'যখন কোনো দল বিশ্বকাপের শেষ ধাপে পৌঁছায়নি, তখন কীভাবে বিশ্বকাপ জেতার কথা বলা যায়? আমাদের দল র্যাঙ্কিংয়ে নবম স্থানে, এবং টি-টোয়েন্টিতে সাফল্য পাওয়ার জন্য পাওয়ার হিটিং দরকার, যা আমাদের দলে কম।'
নিক পোথাসের এই মন্তব্য বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে আস্থা ও সমন্বয় তৈরি না হলে দেশের ক্রিকেট কাঙ্ক্ষিত সাফল্য থেকে বঞ্চিত হতে পারে।
চুক্তি স্বাক্ষরের আগে সিটির আইনি ঝুঁকি নিয়ে ভাবেননি হালান্ড
‘আমিই হেডমাস্টার, বেস্ট ফ্রেন্ড এবং বাবা’
এবার প্রশ্নবিদ্ধ আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন