মেলবোর্নে সিনারের কাছে অসহায় মিনর

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে নিজের ঘরের মাটিতে স্বপ্নভঙ্গ হলো অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনরের। বিশ্ব র‍্যাংকিংয়ের ১ নম্বর তারকা এবং বর্তমান চ্যাম্পিয়ন জানিক সিনারের কাছে ৬-৩, ৬-২, ৬-১ গেমে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছেন তিনি। রড লেভার এরেনায় মাত্র ১০৮ মিনিটের এই ম্যাচটি ছিল ডি মিনরের জন্য এক দুঃস্বপ্ন, আর সিনারের জন্য এক শক্তিশালী বার্তা প্রতিপক্ষদের জন্য।

সিনার এখন অস্ট্রেলিয়ান ওপেনে একাধিকবার সেমি-ফাইনালে পৌঁছানো প্রথম ইতালিয়ান খেলোয়াড়। গত বছর দুটি গ্র্যান্ড স্লাম জেতা এই ইতালিয়ান তারকা মেলবোর্নে আরও একটি শিরোপার দিকে এগিয়ে যাচ্ছেন। ২০২৪ সালে আটটি শিরোপা জেতার পর, এ বছরও নিজের শক্তি দেখাচ্ছেন সিনার।

ডি মিনরের মেলবোর্ন পার্কের কোয়ার্টার ফাইনালে ওঠা ছিল এক দশকের মধ্যে প্রথম কোনো অস্ট্রেলিয়ান পুরুষ খেলোয়াড়ের কীর্তি। তবে ১০ বারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ এবং দ্বিতীয় বাছাই আলেক্সান্ডার জেভেরেভের মতো তারকার সঙ্গে লড়াই এড়ালেও ডি মিনরের ভাগ্য বদলায়নি।

ম্যাচের শুরু থেকেই ডি মিনরের সেবিং ছিল সমস্যায় জর্জরিত। প্রথম সার্ভের হার মাত্র ৫০ শতাংশে ঘোরাফেরা করছিল, যা সিনারের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে যথেষ্ট ছিল না। প্রথম সেটে একবার সার্ভ ভাঙা দিয়ে শুরু হলেও দ্বিতীয় এবং তৃতীয় সেটে সিনারের আধিপত্য ছিল চোখে পড়ার মতো।

ডি মিনরকে টেনিস বিশ্বে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচনা করা হয়। তবে সিনারের ভারী গ্রাউন্ডস্ট্রোক এবং নিখুঁত শটের সামনে সেই প্রতিরোধ ছিল অসহায়। দ্বিতীয় সেটে একমাত্র ব্রেক পয়েন্টের সুযোগ পেয়েও ভুল করে বসেন ডি মিনর। অন্যদিকে, সিনার নিজের খেলায় ছিলেন অটল। তৃতীয় সেটে মাত্র ৩০ মিনিটে তিনবার ব্রেক পেয়ে ডি মিনরকে ছিটকে দেন তিনি।

ম্যাচ শেষে সিনার বলেন, 'আমরা একে অপরের খেলা বেশ ভালো বুঝি। তাই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। আজকের পারফরম্যান্সে আমি খুব খুশি।'

তিনি আরও বলেন, 'পরবর্তী সেমি-ফাইনালে আমেরিকান বেন শেলটনের বিপক্ষে লড়াইয়ে মনোযোগী থাকবেন। “তিনি দারুণ সার্ভ করেন, বাঁহাতি এবং বলের রোটেশনও ভিন্ন। তবে আমি চেষ্টা করব আজকের মতোই নিজের খেলায় মনোযোগী থাকতে।'

ম্যাচ শেষে দর্শকদের ধন্যবাদ জানিয়ে ডি মিনর কোর্ট ছাড়েন মাথা নিচু করে। সিনারকে নেটের কাছে এসে বলেন, 'অত্যন্ত ভালো খেলেছ।' এই হার তার জন্য বড় ধাক্কা হলেও ঘরের দর্শকদের সমর্থন পেয়ে কৃতজ্ঞতার ইঙ্গিত দেন ডি মিনর।

শুক্রবার সেমিফাইনালে সিনারের প্রতিপক্ষ বেন শেলটন। তবে এই পারফরম্যান্সের পর ইতালিয়ান তারকাই ফেভারিট হিসেবে এগিয়ে থাকছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত