শাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন সময় বাড়ানো হয়েছে। গত ৫ জানুয়ারি শুরু হওয়া এ আবেদন প্রক্রিয় ২৫ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে আবেদনের সময় বৃদ্ধির ফলে শিক্ষার্থীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।
 
তিনি জানান, অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ও ফি জমা দেওয়ার সময় ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আবেদনের অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে। 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত মোট ৮১ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। যার মধ্যে পেমেন্ট নিশ্চিত করেছেন ৭১ হাজার শিক্ষার্থী। এখন পর্যন্ত 'এ' ইউনিটে (বিজ্ঞান শাখা) ৪৭ হাজার ও 'বি' ইউনিটে (বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক) ৩৪ হাজার আবেদন জমা পড়েছে।   

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে গত ৬ জানুয়ারি শুরু আবেদন প্রক্রিয়া ৯ জানুয়ারি পর্যন্ত প্রায় ৭২ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে। ফলে নির্ধারিত সময়ে কোনো ভর্তিচ্ছু আবেদন করতে না পারায় সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত