দুর্বার রাজশাহী: মাঠে ব্যর্থতা, বাইরে অস্থিরতা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১০:১১ পিএম

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুর্বার রাজশাহী। মাঠের ভেতরে দলের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক, আর মাঠের বাইরে চলছে নানা সমস্যা। বেতন সংক্রান্ত জটিলতা, ক্রিকেটারদের অনুশীলন বর্জনের ঘোষণা এবং 'অখ্যাত' বিদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি—সব মিলিয়ে চাপের মুখে আছে দলটি।

দলটির উইকেটরক্ষক আকবর আলী মনে করেন, বাইরের বিষয়গুলো মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। তিনি বলেন, 'সত্যি কথা বলতে কিছুটা প্রভাব তো পড়েই। পেশাদার হিসেবে মাঠে নেমে আমরা ভালো খেলতে চাই। তবে বাইরের বিষয়গুলো মানসিকভাবে বিরক্ত করে। এটা কোনো অজুহাত নয়, আমরা ভালো খেলতে পারিনি।'

শেষ ম্যাচে নেতৃত্বে পরিবর্তন এনে এনামুল হক বিজয়ের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় তাসকিন আহমেদকে। অথচ তার আগের ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন বিজয়। নেতৃত্ব বদলের পর চিটাগং কিংসের বিপক্ষে মাত্র ৮০ রানে গুটিয়ে যায় রাজশাহী।

দলের ভরাডুবির মাঝেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন তাসকিন ও বিজয়। তাসকিন এখন পর্যন্ত ৯ ম্যাচে ২০টি উইকেট নিয়ে আসরের সেরা বোলারদের একজন। অন্যদিকে, ৯ ম্যাচে ৪৯.২৮ গড়ে ৩৪৫ রান করেছেন বিজয়। তবে বাকিদের পারফরম্যান্স উল্লেখ করার মতো নয়।

পয়েন্ট তালিকায় ৬ পয়েন্ট নিয়ে একদম ছয়ে অবস্থান করছে রাজশাহী। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও নেট রান রেটে পিছিয়ে রয়েছে ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্সের চেয়ে। প্লে-অফে জায়গা করে নিতে এখন প্রতিটি ম্যাচই তাদের জন্য বাঁচা-মরার লড়াই।

আকবর আলী বলেন, 'আমাদের হারার জায়গা নেই। প্রতিটা ম্যাচ জিততে হবে। শুধু জয়ের চিন্তা নিয়েই মাঠে নামতে হবে।'

রাজশাহী কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি হতাশা নিয়েই শেষ হবে তাদের বিপিএল যাত্রা? সময়ই দেবে সেই প্রশ্নের উত্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত