চট্টগ্রাম নগরে হারিয়ে যাওয়ার ৮ ঘণ্টার ব্যবধানে এক ব্রিটিশ নাগরিকের পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা, চেক বই ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরের লাভলেইন এলাকায় ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধুরীর হাত ব্যাগটি সিএনজি অটোরিকশায় রেখে ব্যাংকে প্রবেশ করেন। ওই ব্যাগের মধ্যে তাফিকা ও তার স্বামীর দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা ও ব্যাংকের একটি চেক বই ও মোবাইল ফোন ছিল। ব্যাংকে ঢোকার পর হাত ব্যাগ সঙ্গে না থাকার বিষয়টি টের পান তাফিকা। তাৎক্ষণিকভাবে ব্যাংকের নিচে এসে তাদের বহন করা সিএনজি অটোরিকশা দেখতে না পেয়ে বিষয়টি কোতোয়ালি থানা-পুলিশকে মৌখিকভাবে অবহিত করেন এই দম্পতি। এরপর ব্রিটিশ নাগরিকের হারিয়ে যাওয়া পাসপোর্ট, নগদ টাকা ও চেক বই উদ্ধারের জন্য অভিযান শুরু করে কোতোয়ালি থানা-পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর তা পর্যালোচনা ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধুরী (৭৬) এবং তার স্বামী ব্রিটিশ নাগরিক মো. ওয়াসিউর রহমানকে (৮৪) বহন করা অটোরিকশাটি তথ্য-প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে পুলিশ। গতকাল রাত ৮টার দিকে বাকিলয়া থানা এলাকা থেকে পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা, মোবাইল ফোন সেটসহ ওই হাত ব্যাগটি উদ্ধার করে পুলিশ। থানায় ডেকে ব্রিটিশ দম্পতিকে টাকা, মোবাইল ফোন ও পাসপোর্টসহ হাত ব্যাগটি বুঝিয়ে দেয় পুলিশ।
