খুলনা

সাবেক এমপি মিজান কারাগারে, দুর্নীতি মামলার রায় ৩০ জানুয়ারি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহা. আবু তাহের দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী ৩০ জানুয়ারি রায়ের দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলায় মিজানুর রহমান জামিনে ছিলেন। সংশ্লিষ্ট আদালতের অফিস সহকারী মো. রাজীব ভূঁইয়া গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন সংস্থাটির পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। তদন্ত শেষে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

অভিযোগপত্রে আসামির বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত