তালেবানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম

বৈষম্যের মাধ্যমে নারী ও মেয়েদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আইসিসির আদালতে এই আবেদন করেন তিনি।

এক বিবৃতিতে আইসিসির প্রধান কৌঁসুলি বলেন, আফগানিস্তানে নারী ও মেয়েদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ নিয়ে আমরা তথ্য-প্রমাণ সংগ্রহ করেছি। এসব অপরাধের সঙ্গে আখুন্দজাদা ও হাকিম হাক্কানির সংশ্লিষ্টতার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের বিরুদ্ধে লিঙ্গগত বৈষম্যের কারণে মানবতাবিরোধী অপরাধের ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।

আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশটিতে কড়া ধর্মীয় অনুশাসন চালাচ্ছে তালেবান। নারী শিক্ষা নিষিদ্ধ করার পাশাপাশি নানা ধরনের আইন আরোপ করা হয়েছে যা নিয়ে বিশ্ব জুড়ে সমালোচনার মুখে পড়েছে তালেবান। বিবৃতিতে আরও বলা হয়, তালেবান সরকারের দেওয়া নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিপীড়ন চালানোর কারণে ফৌজদারি অপরাধ করেছেন তারা। আইসিসির প্রধান কৌঁসুলির আবেদন পর্যালোচনা করবেন আন্তর্জাতিক আদালতের তিন বিচারকের একটি প্যানেল। এরপর রায় ঘোষণা করা হবে। এদিকে, আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান।

সম্প্রতি দেশটির মেয়েদের উচ্চ বিদ্যালয়গুলো খুলে দিতে ঊর্ধ্বতন নেতাদের আহ্বান জানিয়েছিলেন তালেবানের ভারপ্রাপ্ত উপ-পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাই। নারী শিক্ষা নিষিদ্ধের কারণে বহির্বিশ্বের সঙ্গে আফগান তালেবান শাসকদের দূরত্ব বাড়ার মধ্যে অত্যন্ত কড়া ভাষায় এ নীতির নিন্দাও করেছিলেন তিনি। ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান দ্বিতীয়বারের মতো আফগানিস্তানে ক্ষমতা দখল করে। এরপর থেকে তারা আফগানিস্তান জুড়ে নারী ও মেয়েদের বিরুদ্ধে নিপীড়ন শুরু করেছে, যা এখনো চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত