জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আব্দুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। বাংলাদেশে দিল্লি পন্থিরা আর সুযোগ পাবে না।
শনিবার (২৫ জানুয়ারি) নিজ জেলা লক্ষ্মীপুরে যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
মাহফুজ বলেন, যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে ফ্যাসিবাদ ফিরে আসবে। আমরা বিএনপি-জামায়াত এবং সব ধরণের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ব্যবস্থাকে উৎখাত করেছি। এ দেশে ফ্যাসিবাদের ফিরে আসার আর সুযোগ নেই।
তিনি বলেন, হাসিনা যেসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেগুলো সংস্কার না করে নির্বাচন দিলে প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। এসব প্রতিষ্ঠান থেকে গেলে মানুষ কখনোই বৈষম্য ও নিপিড়নমুক্ত হতে পারবে না। তাই সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন এবং সকল রাজনৈতিক এবং অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন দিয়ে রাজনৈতিক পটপরিবর্তন করা হবে।
মাহফুজ বলেন, এ দেশ বাংলাদেশপন্থিদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লিপন্থিদের আর স্থান হবে না।
লক্ষীপুরের রামগঞ্জ সরকারী কলেজ মাঠে আজ বিকালে মাহফুজ আলমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সেখানে নাগরিক সমাবেশে তিনি বক্তব্য রাখবেন।
ভারতে বাংলাদেশি নারী ধর্ষণ-হত্যা, বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন