জহিরুল ইসলাম বললেন

সংসদ ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারও নেই

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:০২ এএম

‘জাগ্রত বাংলাদেশের’ সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম বলেছেন, সংসদ ছাড়া সংবিধান সংশোধন করার এখতিয়ার কারও নেই। সংস্কার কমিটি কেবল সংশোধনের প্রস্তাব করতে পারে। কিন্তু সংস্কার কমিটি যে সংশোধনের কথা বলে কালক্ষেপণ করছে সেটা অনৈতিক। এখন প্রয়োজন দ্রুত নির্বাচন। কারণ দেশের তরুণ প্রজন্ম জীবনে একবারও আওয়ামী ফ্যাসিবাদের জন্য ভোট দিতে পারেনি।

‘বাকশাল প্রতিষ্ঠা ও গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে গতকাল শনিবার ‘জাগ্রত বাংলাদেশের’ উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জহিরুল ইসলাম কলিম বলেন, ‘আপনারা দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। বর্তমানে উপদেষ্টারা জাতীয় দায়িত্ব পালন করে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ও সে দলের মহাসচিবসহ অন্য নেতাদের আজেবাজে কথা বলছেন, যেটা ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়।’ তাদের সাবধানে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ২০২৫ সালের মধ্যে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ বরদাশত করবে না।’

জহিরুল ইসলাম কলিম বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে শেখ মুজিব গণতন্ত্র হত্যা করেন।

আমরা এ দিনকে কালো দিবস হিসেবে পালন করি। আমরা আরেকটা কালো দিবস পালন করতে চাই না। যদি নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হয় তাহলে বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত