মাকে নিয়ে বাসায় ফিরলেন তারেক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ এএম

১৭ দিন চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক থেকে তার বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফিরেছেন। গত শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় তিনি হাসপাতালটি থেকে বাসায় যান। লন্ডন ক্লিনিকের ডা. প্যাট্রিক কেনেডি ও ডা. জেনিফার ক্রসের তত্ত্বাবধানে খালেদা জিয়া বাসায় চিকিৎসা চালিয়ে যাবেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক দেশ রূপান্তরকে বলেন, ‘চেয়ারপারসন হাসপাতালে ভর্তি হওয়ার পর বাসা থেকে খাবার আনা হতো। বাসার খাবারই খেয়েছেন তিনি। হাসপাতালে তার নাতনিরা আসতেন মাঝে মধ্যে। এখন বাসায় সার্বক্ষণিক ছেলে, দুই পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে গল্প করে সময় কাটাবেন। চিকিৎসকরা বাসায় গিয়ে চিকিৎসার বিষয়টি দেখভাল করবেন।’

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান গাড়ি চালিয়ে মাকে হাসপাতাল থেকে উত্তর লন্ডনের কিংস্টনে তাদের বাসায় নিয়ে যান। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেএম জাহিদ হোসেন জানান, তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড এখনো লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। তার বয়স ও সামগ্রিক স্বাস্থ্যের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছান খালেদা জিয়া। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত