চট্টগ্রামের চন্দনাইশে বালুভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মো. রোমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন ওই মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রওশন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্ব ছৈয়দাবাদ সুন্নিপাড়া এলাকার আবদুর ছবুরের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন বলে জানা গেছে। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে উপজেলার রওশনহাট এলাকায় বালুভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল চালক রোমান ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত হন মোটারসাইকেলের আরেক আরোহী। এরপর স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল মতিন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়। তবে চালক হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন নেওয়া হবে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে দুর্ঘটনার পরপর চালক পালিয়ে গেছে। নিহত পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই
বিএনপির সাথে সরকার-ছাত্রদের দূরত্ব কি কারণে?