একটু একটু করে খোলস ছেড়ে বেরিয়ে আসছিলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের জার্সিতে গোলও করছিলেন নিয়মিত। লা লিগায় আগের রাউন্ডে জোড়া গোল করে বলেছিলেন, দলে ‘মানিয়ে নিতে পেরেছেন’। এবার রিয়ালের জার্সিতে প্রথম হ্যাটট্রিক করলেন ফরাসি এই ফরোয়ার্ড। এমবাপ্পের হ্যাটট্রিকে লিগে রিয়াল ৩-০ গোলে হারিয়েছে ভায়াদোলিদকে। তার আগে নিজেদের ম্যাচে পয়েন্ট হারায় আতলেতিকো মাদ্রিদ। তাই ভায়াদোলিদের বিপক্ষে জয় নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান গড়ে শীর্ষে আছে রিয়াল।
লাল কার্ডের জন্য এই ম্যাচে নিষিদ্ধ ছিলেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তবে এমবাপ্পে তার অভাব বুঝতে দেননি। ঘরের মাঠে দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারত ভায়াদোলিদ। তরেসের হেড ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন রিয়ালের গোলকিপার কোর্তোয়া। ৩০ মিনিটে জুড বেলিংহ্যামের কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এমবাপ্পে। এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা।
৫২ মিনিটে ইভান সানচেজের শট রুখে দেন কোর্তোয়া। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। প্রতি আক্রমণে দারুণ গতিতে ডি বক্সে ঢুকে যাওয়া রদ্রিগো নিজেও শট নিতে পারতেন। সেটা না করে বল দেন এমবাপ্পেকে। বাকি কাজটা সারেন তিনি। ৬৭ মিনিটেই হ্যাটট্রিক হতে পারত ফরাসি এই ফরোয়ার্ডের। বেলিংহ্যামের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সের ভেতরে ঢুকে যান কিন্তু শট লক্ষ্যে রাখতে পারেননি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে রিয়ালের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। ক্যারিয়ারে এটি এমবাপ্পের ২০তম হ্যাটট্রিক। গেল বছরের মার্চের পর এই প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। বেলিংহ্যামকে ভায়াদোলিদের মার্তিন ফাউল করায় ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। একই সঙ্গে রিয়াল থেকে ধারে খেলা এই মিডফেল্ডারকে দেখান দ্বিতীয় হলুদ কার্ড। তাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মারিও মার্টিন।
লিগে চলতি মৌসুমে ১৯ ম্যাচে ১৫ গোল হলো এমবাপ্পের। শীর্ষে থাকা লেভানডফস্কির চেয়ে এক গোলে পিছিয়ে তিনি। মৌসুমে সব মিলিয়ে ৩১ ম্যাচে ২১ গোল ফরাসি সুপারস্টারের। ম্যাচ শেষে তিনি বলেন, ‘হ্যাটট্রিক করে আমি খুশি, তবে আরও বেশি খুশি দল জিতেছে বলে। জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে, আতলেতিকোর ফলাফলের পর আমাদের ওপর বেশি চাপ ছিল (জেতার জন্য)।’
কোচ আনচেলত্তি এমবাপ্পেকে মাঝখানে খেলাতেই পছন্দ করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে শেষ ৫ ম্যাচে আট গোল করলেন এমবাপ্পে। আনচেলত্তি বলেন, ‘সে তো এখানে খেলছে বেশ কিছুদিন হয়ে গেল। এখন সে দলে অনেক অবদান রাখছে, অনেক ফল বয়ে আনছে। আমাদের জন্য যা দারুণ ব্যাপার। মাসদুয়েক আগেই সে ছন্দ খুঁজে পেয়েছে। প্রথমবারের মতো হ্যাটট্রিক করল, তাকে অভিনন্দন।’ ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট রিয়ালের, সমান ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪৫।
