কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্স পর্বে বাংলাদেশ উঠেছিল ২ পয়েন্ট সঙ্গে নিয়ে। তাই ভারতের বিপক্ষে সুপার সিক্সের প্রথম ম্যাচ হারলেই বিদায় এমন সমীকরণটা জানাই ছিল। ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা ২০ ওভারে করল ৮ উইকেটে ৬৪ রান। ম্যাচ যে প্রথম ইনিংস পরেই শেষ তা বোঝাই যাচ্ছিল! ভারত জয় পেল ৮ উইকেটে, ৪৩ বল হাতে রেখে।
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের ১১৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ হেরেছিল ৪৭ রানে। গতকালও ব্যাটিং ব্যর্থতাই ডোবাল মেয়েরা। ৯.৩ ওভারে ২২ রান তুলতেই ৫ উইকেট হারান সুমাইয়ারা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২১ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক সুমাইয়া। এছাড়া জান্নাতুল করেন ১৪ রান। ভারতের বৈষ্ণবী নেন ১৫ রানে ৩ উইকেট। জবাবে ত্রিশা গঙ্গাদির ৩১ বলে ৪০ রানে ভর করে সহজ জয় পায় ভারত। অস্ট্রেলিয়া ও ভারত সুপার সিক্সে এসেছিল ৪ পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় তাদের পয়েন্ট হয় ৬, ভারতের পয়েন্টও হয়েছে ৬। যেহেতু সুপার সিক্সে প্রতিটি দলের মাত্র ২টি ম্যাচ, বাংলাদেশসহ এই গ্রুপে থাকা অন্য কোনো দলের পয়েন্ট ৬ হওয়া সম্ভব নয়।
