কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনা করতে তালিকাভুক্ত আইনজীবীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী আইনজীবীদের আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার বরাবরে লিখিত আবেদনপত্র আপিল বিভাগের প্রশাসন শাখায় জমা দিতে বলা হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার সাজার বিরুদ্ধে আপিলের অনুমতির আবেদন আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে প্রেরণ করতে পারবেন।
আপিল বিভাগের অতিরিক্ত রেজিষ্ট্রার শেখ মোহা. আমীনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (আপিলেট ডিভিশন) রুলস, ১৯৮৮ এর অর্ডার ২৪, রুল ৩, ৫, ও ৬ এর বিধান অনুসারে কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে তার সাজার বিরুদ্ধে আপিলের অনুমতির আবেদন আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে প্রেরণ করতে পারবেন।
আবেদনটি কারা কর্তৃপক্ষের নিকট থেকে প্রাপ্ত হওয়ার সাথে সাথে রেজিষ্ট্রার আদালতে আবেদনটি দাখিল/ গ্রহণ করা হয়েছে মর্মে সরকারকে অবহিত করবেন এবং মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত থাকবে।
এতে বলা হয়, প্রয়োজনীয় নথি পাওয়া মাত্রই আপিল বিভাগের রেজিষ্ট্রার আপিল বিভাগের আইনজীবীদের তালিকা থেকে একজন আইনজীবী নিয়োগ করবেন এবং আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করবেন।
প্রধান বিচারপতির আদেশ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (আপিলেট ডিভিশন) রুলস ১৯৮৮ এর অর্ডার ২৪, রুল ৬ এর বিধান অনুসারে আইনজীবীদের মনোনয়ন প্রদানের সুবিধার্থে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের প্রয়োজনে আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের নিকট থেকে আবদেন আহবান করা হচ্ছে।
