বগুড়া

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, দোকানি কারাগারে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় রকিবুল হাসান রকি তালুকদার (২৮) নামে এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।

এর আগে রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৫টায় তাকে গ্রেপ্তার করা হয়। রকি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপী গ্রামের দুলাল তালুকদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলায় নানার বাড়িতে থেকে পড়তেন সপ্তম শ্রেণির ওই ছাত্রী। স্কুলছাত্রীর নানার বাড়ির অদূরে রকির মুদি দোকান রয়েছে। দোকানে কেনাকাটা করতে যাওয়ার সুবাদে এক সন্তানের জনক রকির সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভনে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রকি।

এ অবস্থায় ২৩ জানুয়ারি সকাল ৯টায় স্কুলে যাওয়ার পথে কৌশলে এক বন্ধুর বাড়িতে নিয়ে যান রকি। সেখানে আটকে রেখে ২৪ জানুয়ারি রাতে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন রকি। সংবাদ পেয়ে স্কুলছাত্রীর স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে স্কুলছাত্রীকে উদ্ধার করে। 

এ ঘটনায় ২৫ জানুয়ারি রাতে স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে রবিকুল হাসান রকির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির শারীরিক পরীক্ষা এবং বগুড়ায় আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ মামলার গ্রেপ্তার আসামি রকিবুল হাসান রকিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত