পটুয়াখালীর বাউফলে মো. সুজন হাওলাদার (৩৫) নামে এক অটোচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আমিরাবাদ বাজারের দক্ষিণ পাশে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সুজন উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের মো. নবী আলী হাওলাদারের ছেলে। সে শ্রমিক লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সুজন যাত্রী নিয়ে আমিরাবাদ বাজারে যাচ্ছিলেন। এ সময় রাজনৈতিক বিরোধের জেরে বাউফল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মূনইমূল ইসলাম মিরাজের (৩৫) নেতৃত্বে তার ছোট ভাই মোরসালিন (২৫), রাসেলসহ (৩০) ৮ থেকে ১০ জনের একটি দল তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ছুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই সুজনের মৃত্যু হয়েছে বলে জানান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন বলেন, ‘প্রাথমিক তথ্যের ভিত্তিতে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
