আশাশুনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, ১৪৪ জারি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির কর্মী সম্মেলন কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয়গ্রুপের কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায় বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সম্মেলন কেন্দ্র করে টানা কয়েকদিন ধরেই আশাশুনি বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার উপজেলার পদ্ম বেউলা সাইক্লোন শেল্টার স্কুল মাঠে বুধহাটা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন আয়োজন করা হয়। একপর্যায়ে সকাল ১১টার দিকে সম্মেলন স্থলে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর আগেও তাদের পাল্টাপাল্টি অবস্থানের কারণে সোমবার (২৭ জানুয়ারি) আশাশুনি সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ ঘোষণা করা হয়।

আশাশুনি থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. নোমান হোসেন বলেন, বিএনপির দুই-গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আমরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য মাঠে তৎপর রয়েছি।  

সংঘর্ষে আহত হয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াছির আরাফাত পলাশ, যুবদলের বকুল, শরিফুল, আশিক, কল্লোল, দীপু রমজান আলী, মনিরুল, আজমিনুর, হাশেম আলী, মিঠু। আহতদের মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াছির আরাফাত পলাশকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধহাটা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম বলেন, আমরা সম্মেলন করছিলাম। অন্য গ্রুপ বাধা দিলে সংঘর্ষ হয়। এতে অনেকেই আহত হয়েছেন।

আশাশুনি উপজেলা বিএনপির (ইফতেখার গ্রুপের) সদস্য সচিব মশিউল হুদা তুহিন বলেন, এ মুহূর্তে আমরা কোনো বক্তব্য দিচ্ছি না, পরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বক্তব্য তুলে ধরব।

বিএনপির (তারিকুল হাসান) গ্রুপের সদস্য সচিব জাকির হোসেন বাবু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার জামান বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অমান্য করে তারা কর্মী সম্মেলনের আয়োজন করেছিল। আমাদের পক্ষ থেকে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট ইফতেখার আলী ও উপজেলা বিএনপির আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলামকে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হওয়া ক্ষোভের বিষয়টা জানানো হয়েছে। কিন্তু তারা বিষয়টা আমলে নেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত