ইউপি চেয়ারম্যানকে পুলিশে দিল জনতা 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম

গাজীপুরের কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ওহাব খান খোকাকে (৬৭) আটক করে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে ইউনিয়নের রানীগঞ্জের মাছ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

এম এ ওহাব খান খোকা উপজেলার দুর্গাপুর ইউনিয়ন খিলগাঁও গ্রামের মোফাজ্জল খানের ছেলে এবং দ্বীমান কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী। 

জানা যায়, গত ৪ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের একদফা আন্দোলন চলাকালে কাপাসিয়া সদরের ফকির মজনু শাহ্ সেতু এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায়। সেই ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন একটি মামলা করেন। দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জের মাছ বাজার এলাকার একটি বৈঠক থেকে জনতা তাকে আটক করে কাপাসিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

কাপাসিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান জানান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহাব খান খোকাকে জনতা আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত