রাইস ব্র্যান অয়েল বা কুঁড়ার তেল রপ্তানিতে ২৫% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের সুপারিশ করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। স্থানীয় বাজারে যৌক্তিক মূল্যে বিকল্প ভোজ্য তেল হিসেবে সরবরাহ বাড়াতে ও ভর্তুকি মূল্যে প্রান্তিক জনগোষ্ঠীকে সরবরাহের লক্ষ্যে গত বুধবার এনবিআর চেয়ারম্যানকে এ চিঠি দেওয়া হয়। এনবিআর চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে বলা হয়, স্থানীয় বাজারে যৌক্তক মূল্যে পরিশোধিত রাইস ব্র্যান তেলের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পরিশোধিত ও অপরিশোধিত রাইস ব্র্যান তেল রপ্তানিতে রাইস ব্র্যানের মতো ২৫ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপ করা যেতে পারে। চিঠিতে আরও বলা হয়, গত ১০ নভেম্বর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে দেশীয় শিল্প স্বার্থ সংরক্ষণে রাইস ব্র্যান অয়েল রপ্তানির সম্ভাবনা বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অংশীজনের মতামতের ভিত্তিতে গত ১১ ডিসেম্বর স্থানীয় বাজারে ভোজ্য তেলের সরবরাহ বাড়াতে রাইস ব্র্যান অয়েল বা রাইস ব্র্যান ক্রুড অয়েল রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ বিষয়ে সুপারিশ সংবলিত একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন পাঠানো হয়েছে।
×
