মুন্সীগঞ্জের মেঘনা তীরে দুই ডাকাত দলের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সেই অন্তঃসত্ত্বা নারী সন্তান জন্ম দিয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের শ্রীপল্লী এলাকার একটি বেসরকারি ক্লিনিকে ছেলে সন্তান জন্ম দেন তিনি।
এর আগে এদিন সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদরের মেঘনা তীরবর্তী কালীরচর গ্রামে প্রতিপক্ষ জহিরুল ইসলাম ওরফে কানা জহিরের লোকজন গুলি করে ওই নারীকে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষ কানা জহিরের ভাই শাহীন বেপারীর নেতৃত্বে কালীরচর গ্রামের রাজু সরকারের বাড়িতে সকালে হামলা চালায়। এসময় রাজুর বোন ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকীকে পেয়ে গুলি ছোঁড়ে। এতে পিংকী পায়ে গুলিবিদ্ধ হয়।
জানা যায়, পিংকীর ভাই রাজু ডাকাত কিবরিয়া মিজির সহযোগী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পিংকী আক্তার বলেন, কানা জহিরের লোকজন আমার ভাইকে না পেয়ে আমাকে গুলি করে চলে যায়।
শ্রীপল্লী এলাকার নুরজাহান ক্লিনিকের চিকিৎসক রুনা আক্তার দোলা জানান, গুলিবিদ্ধ নারীর পেটের ভেতর বাচ্চা নড়াচড়া করছিল না। পায়েও প্রচণ্ড ব্যথা ছিল তার। এ কারণে তাৎক্ষনিক ক্লিনিকে এনে তার সিজার করা হয়।
অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
কাল বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা, থাকছে ‘জুলাই চত্বর’