গলের মুখ ভার করা আবহাওয়া শঙ্কা জাগিয়েছিল অস্ট্রেলিয়ার জয়ের পথে। তাতে স্বাগতিক শ্রীলঙ্কার হেরে যাওয়া খানিকটা বিলম্ব হয়েছে। শেষমেশ অজি স্পিনারদের সামনে লঙ্কান ব্যাটসম্যানদের আত্মসমর্পণ অস্ট্রেলিয়াকে এনে দিয়েছে বিশাল জয়। অস্ট্রেলিয়া যেখানে প্রথম ইনিংসে ১৫৪ ওভার ব্যাটিং করে, সেখানে দুই ইনিংস মিলিয়ে ১০৭ ওভারও ক্রিজে টিকতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। ফলে গল টেস্টের চতুর্থ দিনে ১৫ উইকেট তুলে নিয়ে ইনিংস ও ২৪২ রানের বড় ব্যবধানে প্রথম টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
তৃতীয় দিনে বৃষ্টির বাধায় খেলা হয়েছিল মাত্র ২৭ ওভার। ভেস্তে গিয়েছিল দিনের দুই সেশন। পূর্বাভাস বলছিল চতুর্থ ও পঞ্চম দিনেও হানা দেবে বৃষ্টি। কিন্তু দিনের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় শুরু হয় খেলা। আর মাঠে নেমে ১০ ওভারের মধ্যেই ১৬৫ রানে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে দেন অজি বোলাররা। সর্বোচ্চ ৭২ রান আসে দিনেশ চান্ডিমালের ব্যাটে। প্রথম ইনিংসে উসমান খাজার ডাবল সেঞ্চুরি আর স্টিভ স্মিথ ও অভিষিক্ত জশ ইংলিশের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৫৪ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া।
ফলোঅনে পড়া শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসেও অব্যাহত থাকে অস্ট্রেলিয়ার স্পিন জাদু। রান কিছুটা বেশি হলেও মাত্র ৫৫ ওভার স্থায়ী হয় এ ইনিংস। সেটিও ৯ নম্বরে নামা জেফ্রে ভ্যান্ডারসের অভিষেক টেস্ট ফিফটির কল্যাণে। লঙ্কান ইনিংসে সর্বোচ্চ ৫৩ রান করেন তিনি। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউস করেন ৪১ রান। নাথান লায়ন ও ম্যাথিউ কুহনেমানের কাছেই পরাস্ত হন লঙ্কান ৮ ব্যাটার। প্রথম ইনিংসে পাঁচের পর দ্বিতীয় ইনিংসে ৪টিসহ ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন কুহনেমান। লায়ন দ্বিতীয় ইনিংসে ৪টি ও প্রথম ইনিংসে ৩টি, মোট ৭ উইকেট নেন ঝুলিতে। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় দফায় একটি উইকেট পান আরেক স্পিনার টড মারফি। মিচেল স্টার্ক ম্যাচে নেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ২৮৭তম ম্যাচ খেলতে নেমে জয় পেলেন স্টার্ক। কাকতালীয়ভাবে তার স্ত্রী অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলিও ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে নিজের ২৮৭তম ম্যাচ খেলতে নেমে পেয়েছেন জয়ের স্বাদ। এই জয়ের ফলে ওয়ার্ন-মুরালিধরন ট্রফি অস্ট্রেলিয়ার ঘরেই রইল। সিরিজের দ্বিতীয় টেস্ট এই মাঠেই গড়াবে ৬ ফেব্রুয়ারি।
