‘সিনেমার গল্পটা একদমই অন্যরকম। চরিত্রটিও ভিন্ন। এখানে আমি নদীপাড়ের মেয়ে, নাম তারা। যার কিছুই নেই। আমি নদীর পাড়ে সার্কাস দেখাই। এমন গল্পে ও চরিত্রে আমাকে আগে কখনো দেখা যায়নি।’
সম্প্রতি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে অরুণ চৌধুরী পরিচালিত তৃতীয় চলচ্চিত্র ‘জলে জ¦লে তারা’র ফার্স্ট লুক। নারীপ্রধান গল্পের এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে ভালোবাসা দিবসে। সিনেমায় রাফিয়াত রশিদ মিথিলাকে দেখা যাবে নাম ভূমিকায়। তারা চরিত্র নিয়ে এভাবেই বলছিলেন মিথিলা।
অভিনেত্রীর ভাষ্য, ‘চরিত্রটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। এ ধরনের চরিত্র নিজের ভেতরে ধারণ করাটাও কঠিন। ওই রকম জীবন কখনো দেখিনি। কিন্তু সেটিই পর্দায় ফুটিয়ে তোলার জন্য কাজ করতে হয়েছে। নৌকার দৃশ্য ছিল, অনেক দিন ধরে শুটিং করেছি। রোদের মধ্যে শুটিং করতে কষ্ট হয়েছে। তারপরও শিল্পের প্রয়োজনে কাজ করেছি।’ ওটিটি এবং সিনেমা দুই মাধ্যমেই এখন ব্যস্ততা মিথিলার। ওটিটিতে ‘বাজি’ এবং প্রেক্ষাগৃহে ‘কাজলরেখা’র পর নতুন সিনেমা নিয়ে আসছেন এই অভিনেত্রী। জলে জ¦লে তারায় মিথিলাকে দেখা যাবে এফ এস নাঈমের বিপরীতে। এতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।
