দীর্ঘ ভ্রমণে কী খাবেন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৬ এএম

দীর্ঘ ভ্রমণে যান অনেকেই। এই ভ্রমণের সময় অনেকেই বুঝতে পারেন না কী খাবেন। যার ফলে রাস্তার পাশের দোকানপাট থেকে খাবার খেয়ে অনেকেই বিপদে পড়েন।  গ্যাস্ট্রিক, পেট খারাপের মতো সমস্যা হয়। তাই ভ্রমণের সময় সঙ্গে কী কী খাবার রাখবেন জেনে নিন।

বাদাম এবং বীজের চিক্কি

গাড়ি চালাতে চালাতে কিংবা বন্ধুর সঙ্গে গল্প করতে করতে হঠাৎ যদি ক্ষুধা পেয়ে যায়, তা হলে সঙ্গে রাখতে পারেন নানা ধরনের বাদাম, বীজ দিয়ে তৈরি চিক্কি। প্রোটিন, ফাইবার এবং বিভিন্ন ভিটামিনে ভরপুর এই চিক্কিগুলো অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখে।

ড্রাই ফ্রুটস

ঘুরতে গেলে সঙ্গে কিছু শুকনো ফল রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। বিভিন্ন রকম বাদাম, খেজুর, কিশমিশ, বেরিজাতীয় শুকনো ফল খেলে শরীরে পানির ঘাটতি হবে না। তা ছাড়া শরীর প্রয়োজনীয় পুষ্টিও পাবে। সঙ্গে মাখানা, ভুট্টার খইও রাখতে পারেন।

চিজ এবং হোলগ্রেন ক্র্যাকার

ফাইবার এবং প্রোটিনের পুষ্টিকর যুগলবন্দি রয়েছে এই খাবারে। দীর্ঘ যাত্রাপথে এই ধরনের খাবার খেলে পেটও ভর্তি থাকে। ভ্রমণের ক্লান্তি দূর হবে এবং শক্তিরও অভাব হবে না।

লস্যি, বাটারমিল্ক, ফলের রস

গাড়ি চালাতে চালাতে পানি খাওয়ার কথা মনে থাকে না অনেকের। আবার, রাস্তাঘাটে বাথরুম পাবেন কি না কিংবা যাবে কি না, সে কথা ভেবে অনেকে পানি খাওয়ার পরিমাণ কমিয়ে দেন। তাতে শরীরে ইলেক্ট্রোলাইটের সমতা নষ্ট হয়। শারীরিক জটিলতা বৃদ্ধি পায়। পানি খেতে ইচ্ছে না করলে লস্যি, ঘোল, বাটারমিল্ক, ফলের রস খাওয়া যেতে পারে।

ডার্ক চকোলেট

গাড়ি চালানোর একঘেয়েমি কাটিয়ে চটজলদি এনার্জি দিতে পারে ডার্ক চকোলেট। শুধু তা-ই নয়, ডার্ক চকোলেটে ক্যাফিনের পরিমাণ বেশি। এই উপাদানটি স্নায়ু সজাগ রাখতে সাহায্য করে। তাই গাড়ি চালাতে চালাতে কয়েক টুকরো ডার্ক চকোলেট  খেতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত