ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়ে গতকাল অ্যালেন বোর্ডার মেডেল জেতেন তারকা ব্যাটসম্যান ট্রাভিস হেড। আর প্রথমবারের মতো নারীদের বর্ষসেরার পদক বেলিন্ডা ক্লার্ক মেডেল জিতেছেন ২৩ বছরের অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।
বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে ২০৮ ভোট পান হেড। তার পেছনে থাকা জশ হ্যাজেলউড পান ১৫৮ ভোট। এ ছাড়া দেশটির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও হন তিনি। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌড়ে হ্যাজেলউডের চেয়ে এক ভোট ও টি-টোয়েন্টির দৌড়ে অ্যাডাম জাম্পার চেয়ে মাত্র চার ভোট পিছিয়ে ছিলেন হেড। ২০২১ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার বাৎসরিক চুক্তি বাতিলের পর নিজের মনের কথা শুনবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন হেড। তাতেই বদলে যায় হেডের ক্যারিয়ার। ২০২২ সালে রাজ্যের সেরা ক্রিকেটার হন, ফেরেন জাতীয় দলে। আর পেছনে তাকাতে হয়নি এরপর। পদক জিতে হেড বলেন, ‘ব্যক্তিগত পুরস্কার জেতাটা অনেক সম্মানের। তবে দল হিসেবে আমরা দারুণ সময় পার করছি। আমার কাছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ।’
এ সপ্তাহটি স্বপ্নে মতো কাটালেন সাদারল্যান্ড। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিজের আগমনের সুর বছর জুড়েই জানান দিচ্ছিলেন। নারী অ্যাশেজের টেস্টে সেঞ্চুরি হাঁকানো, ইংলিশদের হোয়াইটওয়াশ করার খুশির পর এবার বেলিন্ডা ক্লার্ক মেডেল জিতে সেটি আরও স্থায়ীত্ব পেল।
