আরিয়ানের প্রতীক্ষায় বলিউড

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১১ এএম

ক্যারিয়ারে বিখ্যাত সব পরিচালকদের সঙ্গে কাজ করেছেন শাহরুখ খান। করেছেন প্রযোজনাও। এবার নেটফ্লিক্সের জন্য ছেলে আরিয়ানের ডেব্যু সিরিজের প্রযোজক হলেন। আরিয়ান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর উদ্বোধনীতে তাই হাজির পুরো খান পরিবার। গত সোমবার মুম্বাইয়ের নেটফ্লিক্স ইভেন্টে দেখা মেলে তাদের।

একটি ভিডিওতে দেখা যায়, পারিবারিক ফ্রেমের জন্য পোজ দিচ্ছিলেন তারা। সে সময় মেয়ের পোশাক ঠিক করে দেন শাহরুখ। সুহানা বেশ মজা পান বাবার কাণ্ডে, মুচকি হাসতেও দেখা যায়। ব্যাপারটা নজর এড়ায়নি আরিয়ান আর গৌরীরও। এদিন আরিয়ানের প্রথম প্রজেক্ট নিয়ে শাহরুখ বলেন, ‘আরিয়ান ও সুহানা যখন বড় হচ্ছিল, তখন আমার বন্ধুরা বাড়িতে আসত। করণ (জোহর), আদি (আদিত্য চোপড়া), হৃতিকের (রোশন) মতো অভিনেতারা আসতেন। যখন তারা ওদের বাড়িতে দেখত, আমাকে জিজ্ঞাসা করত, বিশ্বের সবাই কি টিভিতে অভিনয় করে? এমন একটা পরিবেশে ওরা বড় হয়েছে।’ সিনেমার জগতে যেন তার সন্তানরা ভালোবাসা পান সেজন্য দর্শকদের উদ্দেশে শাহরুখ বলেন, ‘আমি অনুরোধ করছি আমার ছেলে, যে পরিচালনায় প্রথম চেষ্টা করছে এবং আমার মেয়ে, যে অভিনেত্রী হচ্ছে, তারা যদি আমাকে দেওয়া ভালোবাসার ৫০ শতাংশও পায়, তাহলেই যথেষ্ট।’ শাহরুখ আরও বলেন, ‘সেলিব্রেটিরা আরিয়ানের প্রতি ভালোবাসা থেকে এই সিরিজে অভিনয় করতে রাজি হয়েছেন। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই, যারা হ্যাঁ বলেছেন। আমি তাদের কিছুই বলিনি। আমি এখন তাদের নাম বলতে পারছি না, কারণ আরিয়ান আমাকে সিরিজ সম্পর্কে কিছু বলতে নিষেধ করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত