মেট্রোতে আয় প্রায় ২৪৪ কোটি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬ এএম

মেট্রোরেল ২০২৩-২৪ অর্থবছরে শুধু টিকিট বিক্রি করে প্রায় ২৪৪ কোটি টাকা আয় করেছে। গত ২০২২-২৩ অর্থবছরে আয় করেছিল ১৮ কোটি টাকা। গতকাল মঙ্গলবার উত্তরায় মেট্রোরেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

আবদুর রউফ বলেন, ২০২৩-২৪ অর্থবছরে টিকিট বিক্রি বাবদ ২৪৩ কোটি ৯১ লাখ ৭ হাজার ৬২৫ ইনকাম হয়েছে। আর ২০২২-২৩ অর্থবছরে ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা। প্রথম বছর পরীক্ষামূলক শুরু হয়েছিল। তখন চলত আগারগাঁও পর্যন্ত। তখন ফ্রিকোয়েন্সি ছিল কম। দিনের ১০টা হয়তো ট্রেন চলেছে। আস্তে আস্তে আমরা ট্রেন বাড়িয়েছি। গত বছর পুরোটাতে চালু করেছি। ট্রেনের ট্রিপ এখন ২০০টি হয়ে গেছে। আগে ছিল ১০টির মতো ট্রেন। আমরা এখন শুক্রবারেও চালু করেছি। এখন সেই পরিসংখ্যানের মতো করে দেখতে হবে।

তিনি আরও বলেন, তিন লাখ ৮২ হাজার প্যাসেঞ্জার গত সোমবার সর্বোচ্চ মেট্রোরেলে ভ্রমণ করেছেন। সেটা অবশ্য শুরুর দিকে ছিল ১৫-২০ হাজার। আমাদের টার্গেট হচ্ছে সাড়ে ৫ লাখ যাত্রী পরিবহন করা। এটি ব্রেক ইভেন্ট পর আমাদের হবে। আমরা যদি হেডওয়ে কমাই, তাহলে এটি আর বেশি দিন দূরে নয়। আমরা যদি টঙ্গী পর্যন্ত চালু করতে পারি তাহলে আমাদের যাত্রী আরও বাড়বে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আফতাবুজ্জামান, মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন, রিপোর্টাস ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. তাওহীদুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত