আগামী বছর থেকে টঙ্গীতে সা’দপন্থিদের না

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৭ এএম

তাবলিগ জামাতের মাওলানা সা’দের অনুসারীদের বিশ্ব ইজতেমা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরের ময়দানে করার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ ক্ষেত্রে মন্ত্রণালয় শর্ত দিয়েছে, আগামী বছর থেকে আর মাওলানা সা’দের অনুসারীরা টঙ্গী ময়দানে ইজতেমা ও তাবলিগি কার্যক্রম করতে পারবেন না।

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, টঙ্গীর ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিগি কার্যক্রম না করার শর্তপূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধু ১৪-১৬ ফেব্রুয়ারি সা’দপন্থিরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।

এ ছাড়া প্রজ্ঞাপনে বিশ্ব ইজতেমা-২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১. তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

২. তাবলিগ জামাত বাংলাদেশের (মাওলানা সা’দ সাহেবের অনুসারী) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গীর ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্ত পূরণসাপেক্ষে শুধু ১৪-১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইজতেমা করতে পারবেন।

৩. আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ি নেজামের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে তাবলিগ জামাতের সা’দপন্থি রেজা আরিফ বলেন, ‘আমরা এ ব্যাপারে আলোচনা করে বক্তব্য দেব।’

এদিকে গতকাল দুপুরে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, শনিবার তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা মাঠ মাওলানা সা’দের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমা মাঠ নিয়ন্ত্রণে নেবে পুলিশ। শুক্রবারও পুলিশের কাছেই থাকবে।

সবার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘এবার মোনাজাতের সময় যানচলাচল স্বাভাবিক থাকবে। সবার প্রতি অনুরোধ, মোনাজাতের সময় রাস্তায় কেউ বসবেন না।’

কমিশনার বলেন, ‘প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সোমবার থেকে দ্বিতীয় ধাপ শুরু হয়। পুরো মাঠে ৩৬৫টি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। প্যাট্রল, মোবাইল এবং চেকপোস্ট ডিউটির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। মাঠের ভেতরে আমাদের সদস্যরা সাদা পোশাকে কাজ করছেন। প্রথম পর্বের প্রথম ধাপের মতো আমরা সবার সহযোগিতায় প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমাও সুন্দরভাবে করতে চাই।’

আগামী বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীদের বিশ্ব ইজতেমা।

প্রথম পর্বের দুই ধাপের ইজতেমা শেষ হচ্ছে আজ : শুরায়ি নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের আয়োজনে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত