দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে বিদায় নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনার বিচার দাবিতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
মান্না বলেন, ‘রাজনৈতিক দলগুলো অন্তর্র্বর্তী সরকারের সাফল্য কামনা করে; কিন্তু সরকার সফল হতে পারছে না। জনগণের জীবনের বিনিময়ে অর্জিত এই বিজয় যেন কেউ হাইজ্যাক না করে সে বিষয়ে সজাগ থাকতে হবে।’
‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঘোষণা দিয়ে লিফলেট বিতরণ করছে, অথচ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ এমন অভিযোগ করে তিনি বলেন, ‘এক শেখ হাসিনার দাপটে দেশ তছনছ হয়ে গেছে। এরপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না।’
