আখেরি মোনাজাতে শেষ হলো দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ এএম

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে হাজারো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো শুরায়ি নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।

গতকাল বুধবার দুপুর ১২টা ৯ মিনিটে শুরু হয়ে ১২টা ২৭ মিনিট পর্যন্ত চলে আখেরি মোনাজাত। ১৮ মিনিট দীর্ঘ আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। তিনি প্রথম ১১ মিনিট পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো উচ্চারণ করেন। বাকি সময় তিনি বাংলা ভাষায় দোয়া করেন। এর আগে সমাপনী (হেদায়েতের কথা) বয়ানও করেন তিনি।

এ পর্বের আখেরি মোনাজাতে পুরো ইজতেমা ময়দানে লাখ লাখ মানুষের কণ্ঠে ধ্বনিত হয় আমিন আমিন ধ্বনি। কেঁদে বুক ভাসিয়ে দুনিয়া ও আখিরাত, দেশ ও বিশ্বের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও সব ক্ষেত্রে আল্লাহর রহমত চান।

বাংলাদেশ ছাড়াও ৭৬টি দেশের প্রায় সাড়ে তিন হাজার বিদেশি মুসল্লিও ইজতেমা ও আখেরি মোনাজাতে অংশ নেন।

হেদায়েতি বয়ান : গত বুধবার বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তার বয়ান তর্জমা করেন মাওলানা আব্দুল মতিন। তার বয়ানের পর নসিয়ত মূলক বক্তব্য দেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ান অনুবাদ করেন মাওলানা জুবায়ের। ছয় দিনব্যাপী ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি-ঐক্য, হেদায়েত, হেফাজত, রহমত, মাগফিরাত, নাজাত, দেশ ও বিশ্ব মানবতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এতে আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লি দু-হাত তুলে আকুতি জানিয়েছেন। কান্নায় ভেঙে পড়েন অনেকে।

দুই ধাপে প্রায় দুই হাজার জামাত : তাবলিগের কাজে বের হতে এবার ইজতেমা স্থলে প্রথম ও দ্বিতীয় ধাপে মিলে প্রথম পর্বে প্রায় দুই হাজার দেশি-বিদেশি জামাত তৈরি হয়েছে বলে ইজতেমা আয়োজক সূত্রে জানা গেছে। এসব জামাতে কেউ তিন চিল্লা, এক চিল্লার জন্য বেরিয়েছেন। বিদেশে মেহনতের জন্য অর্ধশত জামাত তৈরি হয়েছে। এসব জামাত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে।

২০২৬ সালের ইজতেমা : আগামী ২০২৬ সালের জন্য শুরায়ি নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের ছয় দিনব্যাপী দুই পর্বের ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। ইজতেমার আখেরি মোনাজাতের পর ইজতেমার বয়ান মঞ্চ থেকে ২০২৬ সালের ২-৪ জানুয়ারি প্রথম ধাপ এবং চার দিন বিরতি দিয়ে ৯-১১ জানুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত