সিরাজগঞ্জ

৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গেছে, সম্পর্কে তারা নানা-নাতনি। এ ঘটনায় আবুলের বাড়িতে উত্তেজিত জনতা হামলা করেছে। এছাড়া অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার আজুগড়া ঘোড়াপাড়া এলাকার আবুল যুবক বয়স থেকেই নারীলোভী ছিল। এর আগেও তার বিরুদ্ধে একাধিক নারীঘটিত অভিযোগ উঠে।

দুই সপ্তাহ আগে একই মহল্লার হতদরিদ্র পরিবারের ওই কিশোরী আবুলের বাড়িতে শাক তুলতে যায়। এ সময় তাকে জোরপূর্বক ফাঁকা একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। শুক্রবার দুপুরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এ ঘটনা ফাঁস করলে ওই কিশোরীকে হত্যার হুমকি দেয়। ওই কিশোরী জানায়, তাকে হত্যার হুমকি দেওয়ায় সে ভয়ে এতদিন কাউকে বলেনি।

ওই কিশোরীর দিনমজুর বাবা ও নানী জানান, আমরা অসহায় মানুষ। দিন এনে দিন খাই। আবুল প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে মুখ খুলতে সাহস পাচ্ছি না। আমাদের ভয়ভীতি দেখিয়েছে। এ নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। এলাকায় সবাই জানাজানি হয়েছে। তারা সম্পর্কে নানা-নাতনি হয়। এর উপযুক্ত বিচার দেওয়ার কথা বলে তার লোকজন মামলা করতে নিষেধ করেছে।

স্থানীয়রা জানান, আবুল এর আগেও একাধিকবার অবৈধ সম্পর্কে জড়িয়েছে। এটা তার পুরনো অভ্যাস। টাকা দিয়ে সব ঘটনাই ধামাচাপা দিয়েছে। কিশোরী ধর্ষণের ঘটনায় তারা উপযুক্ত শাস্তি দাবি করেন।

আবুল অভিযোগ অস্বীকার করে বলেন, মসজিদের দেয়াল নির্মাণকে কেন্দ্র করে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি ওই মেয়েকে কিছুই করিনি। তবে আগের নারীঘটিত বিষয়ে জানতে চাইলে তিনি উত্তর দিতে অস্বীকৃতি জানান। 

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত