ঝুলছিল স্বামী, মেঝেতে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ পিএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কোনাবাড়ী বাইমাইল এলাকায় তাদের ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার ধাপ তেতুলিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৫) ও তার স্ত্রী মৌ আক্তার বৃষ্টি (২০)। তারা বাইমাইল মধ্যপাড়া কাদের মার্কেট এলাকার বাসায় ভাড়া থেকে বসবাস করতেন।

ওই বাড়ির মালিকের ছেলে দেওয়ান মোহাম্মদ রাসেল বলেন, সকাল থেকে সোহাগ-মৌ দম্পতির ঘরের দরজা বন্ধ দেখে বাড়ির অন্য ভাড়াটিয়ারা অনেকবার ডাকাডাকি করলেও দরজা খুলেনি। পরে বিকালে আবারও দরজার সামনে গিয়ে ডাকাডাকি করে দরজা ভেতর থেকে বন্ধ দেখে ৯৯৯ ফোন দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে মেঝেতে মৌয়ের লাশ এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় তার স্বামীকে দেখতে পাওয়া যায়।

মৌ আক্তার বৃষ্টির চাচা রতন মিয়া বলেন, গত দুই বছর আগে সোহাগ-মৌয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। মৌ সিরাজগঞ্জ সরকারি কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতো। তার স্বামী সোহাগ কোনাবাড়ী ব্র্যাক এনজিওতে কর্মরত ছিলেন। চলতি মাসের ১ তারিখে তারা ভাড়া বাসায় উঠেন। এমন ঘটনা কেন ঘটলো বুঝতে পারছি না।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে। প্রথমে স্ত্রীকে হত্যা ও পরে ওই স্বামী আত্মহত্যা করেছে। সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত