সবার জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে স্কুল পর্যায়ে নিরাপদ খাদ্য ও পুষ্টি সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে তোপখানা রোডের সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা।
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ'র (এফআইভিডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে কারিগরি ও আর্থিক সহায়তা করে ওয়েল্টহাঙ্গারহিলফি।
স্ট্রেন্থদিং স্মলহোলডার ফার্মস অ্যান্ড রুরাল এন্টারপ্রাইসেস টু বেটার কোপ উইথ ক্লাইমেট চেঞ্জ ইন দ্যা ভালনারেবল হাওর রিজিওনস অব বাংলাদেশ' শীর্ষক এ ক্যাম্পেইনে অতিথি ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া, সাবেক যুগ্মসচিব ও ক্যাব নির্বাহী কমিটির সদস্য মো. শওকত আলী খান, ক্যাবের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আহমেদ একরাম উল্লাহ ও সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম ওবায়দুল্লাহসহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের রান্না শেখান, রন্ধন শিল্পী দিলরুবা বেগম এবং আফলাতুন নাহার। এ সময় রান্না করা খাবার শিক্ষার্থীদের মাঝে পরিবেশন করে তার মান নির্ণয় করেন আয়োজকেরা।
পরে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য নিয়ে বাংলাদেশ সরকার কতৃক গৃহীত বিভিন্ন আইন-কানুন ও বিধি-বিধানের ওপর কুইজ প্রতিযোগিতা করা হয় এবং ১৪ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
