মাত্র ৪৫০ টাকার জন্য মাদারীপুর জেলার শিবচরে মিজান গাজী নামে ভ্যানচালককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শিবচর থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমেরী হোসেন।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের একটি ইটের ভাটা সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে ভ্যান চালক মিজান গাজী (২০) নামে এ যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা মলিনা বেগম বাদী হয়ে মামলা করেন।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমির হোসেন বলেন, নিহতের মা মলিনা বেগম আরিয়ান আহমেদ স্বাধীন বেপারী ও আল আমিনসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করলে আরিয়ান ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে জড়িত হান্নান নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রোববার ঘটনার সাথে জড়িত উপজেলার শিকদার হাট এলাকার হুমায়ুন শিকদারের ছেলে মো. হান্নান শিকদারকে (২৬) গ্রেপ্তার করা হয়। আরিয়ান আহমেদ স্বাধীন বেপারীর ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতো। মিজানের ভ্যান তারা ব্যবহার করতো। সে সুবাদে মিজান গাজী স্বাধীনের কাছে ৪৫০ টাকা পেত। বেশ কিছুদিন ধরে টাকা চেয়েও না পেয়ে স্বাধীনের সঙ্গে কিছুটা বাকবিতণ্ডা হয় ভ্যানচালক মিজান গাজীর। মূলত টাকা না দিতে এবং এর প্রতিশোধ নিতেই ভ্যানচালককে হত্যা করে তারা।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, ‘হান্নান পেশায় একজন ইটভাঙা শ্রমিক এবং মাদকাসক্ত। অন্যান্য আসামিদের প্ররোচনায় মাত্র দুই হাজার টাকার বিনিময়ে হান্নান অন্যান্যদের সহায়তায় নৃশংস ভাবে খুন করে ভ্যানচালক মিজানকে। ঘটনার দিন ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার পর হান্নানসহ অন্যান্য আসামিরা মিজানকে তার অটোভ্যানসহ ৫০০ টাকায় ভাড়া করে ঘটনাস্থলে নিয়ে যায়। শিবচর থানার কাদিরপুর ইউনিয়নের দেলোয়ারের ইটভাটার অদূরে সামাদ মৃধার ভুট্টা ক্ষেতের আড়ালে নিয়ে প্রথমে চড়-থাপ্পড় মারে চারজন মিলে। অতঃপর আসামিদের সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে মিজানকে। একপর্যায়ে মিজান মাটিতে লুটিয়ে পড়লে গলায় ছুরি চালায় আসামি হান্নান।
সোমবার আসামি হান্নান শিকদারকে আদালতে সোপর্দ করা হলে ঘটনায় জড়িত থাকার বিষয়ে তার দোষ স্বীকার করে বলে জানান এএসপি আজমির হোসেন।
