৩০০ করেও জেতা যায় না

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৮ এএম

অভিষেক ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ রানের কীর্তি, এমনকি প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৫০ রান করার ম্যাচে হারের কষ্ট সইতে হলো ম্যাথিউ ব্রিটজকে। পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০৫ রানের লক্ষ্যে ৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড। এ জয়ে সিরিজের ফাইনালে খেলা নিশ্চিত হলো কিউইদের।

আর তা সম্ভব হয়েছে কেন উইলিয়ামসনের অপরাজিত ১৩৩ রানের ইনিংসের সুবাদে। ২২ জুন ২০১৯, ওয়ানডে বিশ^কাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন কেন। লাহোরে ৭০ বলে ১০০ পূর্ণ করে প্রায় ছয় বছরের অপেক্ষার অবসান ঘটান তিনি। রান তাড়ায় সেঞ্চুরি পেতে পারতেন ডেভন কনওয়েও। কিন্তু নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে ৯৭ রানে সাজঘরে ফেরেন তিনি। তার আগে দ্বিতীয় উইকেটে দুজনের ১৮৭ রানের জুটিই ৩০০ তাড়া করা জয়ের ভিত গড়ে দেয় কিউইদের। শেষ পর্যন্ত উইলিয়ামসন অপরাজিত থাকেন ১৩ চার ও ২ ছক্কায় ১১৩ বলে ১৩৩ রানের ইনিংস খেলে।

এর আগে চতুর্থ দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করেন বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে শূন্য করা ব্রিটজকে। ব্রিটজকে ১৫০ রান করেন ১৩৮ বল খেলে, হাঁকান ৫টি ছক্কা ও ১৪টি চার। ৬ উইকেটে ৩০৪ রানের পুঁজি পায় প্রোটিয়ারা।

এ নিয়ে ৯৯টি ম্যাচের মধ্যে নবমবার ৩০০ করে হারলো দক্ষিণ আফ্রিকা।  নিউজিল্যান্ড অবশ্য ৭৬টি ৩০০ করা ম্যাচে হেরেছে ১৫ বার। একদিন আগেই ৩০০ রান করেও ২৮তম হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে ইংল্যান্ডকে (৯৯ ওয়ানডেতে)। ম্যাচটির আগে ভারত ২৭ হার নিয়ে তাদের পাশেই ছিল (১৩৬ ম্যাচে)। অন্যদিকে ৬২টি ম্যাচে ২৩টিতেই হেরেছে উইন্ডিজ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত