বরগুনায় সড়ক দুর্ঘটনায় নানা-নাতিসহ ৩ জনের মৃত্যু 

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম

বরগুনার আমতলীতে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নানা-নাতিসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার রহমানিয়া পেট্রোলিয়াম পাম্প সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাইনবুনিয়া গ্রামের আতাহার গাজী (৬০), চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের মো. হিমু আকনের ছেলে আবিদ আকন (৭) ও গুলিশাখালি ইউনিয়নে ডালাচারা গ্রামের মৃত রশিদ হাজীর ছেলে শহিদুল ইসলাম (৫৫)। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস থ্রি হুইলারকে ধাক্কা দেয়। এসময় পাশে থাকা মোটরসাইকেলেও ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীসহ ২ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়।

জানা গেছে, নিহত আবিদ নানা আতাহার গাজীর সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিল।  আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আমতলী থানার ওসি আরিফুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত