মিডটার্ম না দিলে গুনতে হবে জরিমানা, ক্ষোভ ববি শিক্ষার্থীদের 

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইতিহাস বিভাগে যথাসময়ে মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কারন দর্শানোসহ দুইধাপে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। এমন একটি নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইতিহাস বিভাগের  চেয়ারম্যান ড. আবদুল বাতেন চৌধুরী স্বাক্ষরিত দুটি নোটিশের পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিভাগীয় একাডেমিক কমিটির ৪২তম সভার ০৮নং আলোচ্যসূচির সিদ্ধান্ত মোতাবেক ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের যারা মিডটার্ম পরীক্ষায় অনুপস্থিত থাকবে তাদের মিডটার্ম সাপ্লিমেন্টারী পরীক্ষা দেওয়ার জন্য যথাযথ কারণ ও তথ্য প্রমাণ দেখিয়ে পরীক্ষা শেষ হওয়ার তারিখ থেকে ১ম সপ্তাহের মধ্যে এক হাজার টাকা এবং পরবর্তী সপ্তাহের থেকে দুই হাজার টাকা হারে জরিমানা প্রদানপূর্বক আবেদন করতে হবে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সুজয় সুভ এক পোস্টে লিখেন, মাংসের দোকানদারেরা যখন ভুল করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে। তিনি এমন সিদ্ধান্তের নিন্দা জানান।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. আবদুল বাতেন চৌধুরী বলেন, ‘বিভাগের শিক্ষার্থীদের সার্বিক মঙ্গলের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে নানা অজুহাতে মিডটার্ম পরীক্ষায় অংশ নেন না। এতে বাকি শিক্ষার্থীরা পিছিয়ে পড়েন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত