যমুনা রেল সেতু দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টা ১৮ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি ট্রেন যমুনা রেলসেতু পারাপারের মধ্য দিয়ে ট্রেন চলাচল শুরু হলো।
জানা গেছে, মাত্র ৬ মিনিটে ট্রেনটি সেতু পার হয়। সেতু পারাপারের সময় ট্রেনের গতিবেগ ছিল প্রায় ৭০ কিলোমিটার।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল বলেন, ‘প্রথমবারের মতো বাণিজ্যিক ট্রেন যমুনা রেলসেতু পার হয়েছে। পর্যায়ক্রমে সিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো যাবে। এখন থেকে নিয়মিত যমুনা রেলসেতু দিয়েই ট্রেন চলাচল করবে। বঙ্গবন্ধু সেতুতে আর ট্রেন চলবে না।’
রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার আজাদুর রহমান বলেন, ‘রাজশাহী থেকে ৬০০ যাত্রী নিয়ে সকাল ৪০ মিনিটে ১১ বগির ট্রেনটি ছেড়ে গেছে। এরপর বিভিন্ন স্টেশন থেকে আরও যাত্রী নিয়ে চলে গেছে।’
যমুনা রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান জানান, দুই লাইনের সেতু হলেও প্রথমে একটি লেন দিয়ে ট্রেন চলাচল করবে। চলতি মাসেই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। নতুন এ রেল সেতু চালুর সঙ্গে সঙ্গেই বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।’
রেলসেতু প্রকল্প সূত্রে জানা গেছে, ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ২০২০ সালের আগস্টে যমুনা নদীর ওপর সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পরে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা। এরমধ্যে ১২ হাজার ১৪৯ কোটি ২ লাখ টাকা ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। প্রকল্পটি ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল।
অবশেষে কুড়িগ্রাম সীমান্ত থেকে সিসি ক্যামেরা সরাল বিএসএফ
বাসায় গিয়ে খালেদা জিয়াকে দেখে এসেছেন চিকিৎসকরা