বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয় বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার উদ্যোগ নিলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না অন্তর্বর্তী সরকার। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে। বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীলতার মধ্যে আসবে। এ কারণে বিএনপি জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে।
জামায়াতের নির্বাচন কমিশনে সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আনুপাতিক হারে নির্বাচনের ঘোরবিরোধী, অত্যন্ত জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করব না। কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না।
জাতিসংঘের কমিটির দেওয়া মতামতে কোনো দল নিষিদ্ধ না করার যে অনুরোধ জানানো হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলে আসছি, জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।
জুলাই গণঅভ্যুত্থানে বিষয়ে জাতিসংঘের প্রতিবদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিগত ১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী। ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই এসব ঘটনা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, আমরা আজকে চাইব ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে। তাকে এবং তার সঙ্গে যারা ছিল তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে। এটাই আমাদের প্রত্যাশা।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত
শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ