ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চার দশক পূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় শাখা (বাসদ)। সমাবেশের মাইকের তীব্র আওয়াজে অতিষ্ঠ হয়ে পড়লে প্রতিবাদ করে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার, রোকেয়া ও শামসুন নাহার হলের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হলে তোপের মুখে আশপাশের ২৬টি মাইক বন্ধ করে আয়োজকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এমন ঘটনা ঘটে। তবে রাজু ভাস্কর্যের পাশে ছয়টি সাউন্ডবক্সের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উচ্চ শব্দে মাইক বাজিয়ে প্রোগ্রাম শুরু করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সমাবেশকে কেন্দ্র করে রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর, শহীদ মিনার ও শাহবাগ পর্যন্ত ২৬টি মাইক ও ছয়টি সাউন্ডবক্সের মাধ্যমে অনুষ্ঠান চলছিল। মাইকের তীব্র আওয়াজে বিপাকে পড়েন কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়–য়া ও টিএসসি সংলগ্ন রোকেয়া হল ও শামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থীরা। রাস্তা আটকে রেখে অনুষ্ঠান পরিচালনা করায় টিএসসিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অনুষ্ঠান দুপুর ১২টায় শেষ হওয়ার কথা থাকলেও তা চালিয়ে নিতে চাইলে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে’ পোস্ট দিয়ে সাড়ে ১২টার দিকে শতাধিক শিক্ষার্থীর অনুরোধে মাইকগুলো বন্ধ করা হয়।
