স্ত্রীকে নিয়ে যেতে সিনিয়র ক্রিকেটারের আবেদন নাকচ করল বোর্ড

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে স্ত্রী-বান্ধবী ছাড়াই যেতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। দেশটির ক্রিকেট বোর্ডের কঠোর নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরও মাত্র ১৯ দিনের এই টুর্নামেন্টে স্ত্রীকে নেওয়ার জন্য ভারতের এক সিনিয়র ক্রিকেটার নাকি বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিলেন। তবে সাথে সাথেই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বিসিসিআই।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতীয় দলের এক সিনিয়র ক্রিকেটার বিসিসিআইয়ের কাছে জানতে চেয়েছিলেন তার পরিবারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া যাবে কিনা। বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিয়মের বাইরে গিয়ে এই আবেদন রাখার সুযোগ নেই। ওই ক্রিকেটার যদি তার পরিবারের সকল খরচ বহন করতে রাজি থাকেন, সেক্ষেত্রে বিষয়টি বোর্ড ভেবে দেখবে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘যদি কিছু বদলে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমান নিয়মানুযায়ী ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার চ্যাম্পিয়ন্স ট্রফি সফরে যেতে পারবে না। একজন সিনিয়র ক্রিকেটার এই বিষয়ে খোঁজ নিয়েছিলেন। তাকে নিয়মের বিষয়টি মনে করিয়ে দেওয়া হয়েছে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি এক মাসেরও কম সময়ের, তাই পরিবার নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।’

অস্ট্রেলিয়ার কাছে বোর্ডার-গাভাস্কার সিরিজ হারের পর ভারতীয় ক্রিকেটারদের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তার মাঝে অন্যতম হলো বিদেশ সফরে স্ত্রী-পরিবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ব্যক্তিগত সহকারী ও রাঁধুনির ক্ষেত্রেও বিসিসিআইয়ের নির্দেশনা মানতে হবে।

কোনো ক্রিকেটারের ব্যক্তিগত সহকারী গেলে তাকে অন্য হোটেলে থাকতে হবে। এছাড়া ক্রিকেটারদের খাবারের যাতে সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কয়েকজন রাঁধুনিও নিয়ে যাচ্ছে বিসিসিআই। ইতোমধ্যে রাঁধুনি ঠিক করা হয়েছে এবং ক্রিকেটারদের ডায়েট সম্পর্কে তাদের জানানো হয়েছে। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এই দলীয় সংস্কৃতিটাই ফেরানোর চেষ্টা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত