ভ্যালেন্টাইন্স ডেতে চারিদিকে লালের ছড়াছড়ি কেন জানেন?

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪২ পিএম

চিরপরিচিত লাল রঙে রেঙে উঠেছে ভালোবাসার দিনটি। কারও গায়ে লাল পোশাক, তো কারও হাতে লাল গোলাপের তোড়া। লাল রঙা লিপস্টিকে কারও ঠোঁট উজ্জ্বল, আবার সেই লিপস্টিকের ছাপে রেঙে উঠেছে আরেকজনের গাল। লালের দলে নাম ভিড়িয়েছে দোকান-বাজার, হোটেল-রেস্তারাঁগুলিও। লাল বেলুন, ফুল আর পর্দায় সেজে উঠে যেন হিংসা-দ্বেষ-ঘৃণার বিরুদ্ধে বিদ্রোহ জারি করেছে সকলে। ভালোবাসার দিন, নাকি ‘রাঙা উৎসব’ ধরতে পারবেন না!

১৪ ফেব্রুয়ারি বলে কথা। নিন্দুকের দলকে ‘দুয়ো’ দিয়ে সবাই এ দিন সেলিব্রেশনের মুডে ব্যস্ত। ভিয়েনা থেকে ভিক্টোরিয়া—ছবিটা সব জায়গাতেই প্রায় এক। কিন্তু আজকের দিনে লালের এত রমরমা কেন বলতে পারবেন? এর পিছনেও রয়েছে একটা ইতিহাস।

পুরোনো সেই লালের কথা

ভ্যালেন্টাইন্স ডে-র শুরুটা যে কারণেই হোক না কেন, বর্তমানে তা উৎপত্তি থেকে অনেকটাই বিবর্তিত। কিন্তু যে জিনিসটি এখনও একই থেকে গেছে, তা হলো লাল রঙ। এ দিন বিশ্বজুড়ে লাল পোশাকে সেজে ওঠেন যুগলরা। আর এই লাল রঙের ইতিহাসটিও কিন্তু বেশ রোমাঞ্চকর।

ইতিহাস ঘেঁটে জানা যায়, মধ্যযুগীয় রোমে লাল রঙ ছিল শ্রদ্ধাজ্ঞাপনের রঙ। আবার লাল রঙ ছিল রাগ, যুদ্ধ এবং বিপদের প্রতীক। ভালোবাসার সঙ্গে লাল রঙের বহুদূর পর্যন্ত কোনও সম্পর্ক ছিল না।

আবার গ্রিক এবং হিব্রুরা লাল রঙকে ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করতেন। লাল এবং ভালোবাসার সম্পর্ক তৈরি হয় মধ্যযুগে এক ফরাসি কবির কবিতায়। ‘রোমান দে লা রোজ়’ নামের বিখ্যাত কবিতায় কবি লাল গোলাপের উল্লেখ করেছিলেন। ফুলের সন্ধানে বেরিয়েই তিনি তার ভালোবাসার মানুষটিকে খুঁজে পান। সেই থেকে লাল গোলাপ হয়ে ওঠে ভালোবাসার প্রতীক।

রোমান যুগে, বিয়ের কনেরা প্রেম ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে লাল শাল গায়ে জড়াতেন। হিন্দুদের মতো চিনে এখনও বিবাহ অনুষ্ঠানে লাল রঙকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়।

মনও উঠল রাঙা হয়ে...

আবার ভালোবাসার দিনে লালে রমরমার পিছনে মানসিক প্রভাবও বেশ গুরুত্বপূর্ণ। লাল রঙ হৃদয়ের সঙ্গে যুক্ত। আর হৃদয় হলো প্রেম এবং আবেগের কেন্দ্র। সাহস, আত্মবিশ্বাস, আবেগ এবং তীব্র অনুভূতির প্রতিনিধিত্ব করে লাল রঙ। উত্তেজনা এবং আকর্ষণের সঙ্গেও এর সম্পর্ক অতি গভীর। তা ছাড়াও লাল রঙ মনোযোগ আকর্ষণ করতে পয়লা নম্বরে।

লালের বাণিজ্যিকীকরণ

লাল রঙের রোম্যান্টিক আবেদনের কথা মাথায় রেখেই ফুল, কার্ড, গয়না, উপহার কিংবা পোশাককে রাঙা করে ব্যবসায় গতি বাড়িয়েছে বণিকের দল। তাদের প্রচারের আলোতেও তাই ভালোবাসার দিনে লাল রঙে রেঙে উঠেছে বিশ্বজুড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত