বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে গতকাল রবিবার দেশে ফিরেছেন। তিনি রয়েল সৌদি এয়ারফোর্সের প্রধান কমান্ডারের আমন্ত্রণে ৯-১৩ ফেব্রুয়ারি সৌদি আরব সফর করেন। সফরকালে বিমানবাহিনী প্রধান রয়েল সৌদি এয়ারফোর্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে ১৪-১৫ ফেব্রুয়ারি দেশটি সফর করেন। আমিরাত সফরকালে বিমানবাহিনী প্রধান এয়ার স্টাফ টক অ্যান্ড এক্সচেঞ্জিং ট্রেনিং অ্যান্ড এক্সারসাইজ ও আমিরাত বিমানবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং আমিরাত বিমানবাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব ও আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
বিমানবাহিনী প্রধান এ সরকারি সফরে সৌদি আরব ও আমিরাতের উদ্দেশে ৮ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করেন। আইএসপিআর
