দুটি ক্যাটাগরিতে চিকিৎসা-সুবিধা চান জুলাই অভ্যুত্থানে আহতরা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩১ এএম

জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাদের স্বজনরা গতকাল সোমবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা বলেছেন, সরকার ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। কিন্তু ‘সি’ ক্যাটাগরিতে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির মতো সুবিধা রাখা হয়নি। এটি খুবই বৈষম্যমূলক।

আন্দোলনকারীদের দাবি, সব আহত ব্যক্তিদের ‘এ’ অথবা ‘বি’ ক্যাটাগরিতে চিকিৎসা ও সুবিধা দিতে হবে। ক্যাটাগরি হবে দুটি। আহত এবং গুরুতর আহত। তাদের অন্য দুটি দাবি হচ্ছে, প্রান্তিক এলাকায় আহত ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করতে হবে এবং আহত ব্যক্তিদের সুরক্ষায় আইন করতে হবে।

আন্দোলনকারীদের অনেকে আহত প্রত্যেককে সরকারি ভাতার আওতায় আনারও দাবি জানান।

এর আগে গতকাল জেলা প্রশাসক সম্মেলনে মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের শহীদ এবং আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। প্রত্যেক শহীদ ও আহতকে সনদপত্র দেওয়া হবে।

এ সময় উপদেষ্টা আরও জানান, শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দেওয়া হবে। আহতদের জন্য তিনটি ক্যাটাগরিতে সহায়তা দেওয়া হবে। ক্যাটাগরি-১-এর আহতরা পাবেন ৫ লাখ টাকার অনুদান এবং মাসিক ২০ হাজার টাকা। ক্যাটাগরি-২-এর আহতরা পাবেন ৩ লাখ টাকার অনুদান এবং মাসিক ১৫ হাজার টাকা। ক্যাটাগরি-৩-এর আহতরা পুনর্বাসনে সহযোগিতা পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত