অন্তর্বর্তী সরকারের সময়ে জেলা প্রশাসকরা নির্ভয়ে ও নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে পানি সম্পদ মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এবার ডিসিরা নিরপেক্ষভাবে তাদের কাজ করতে পারবেন। কেউ রাজনৈতিকভাবে তাদের ওপর কোনও প্রভাব খাটাতে পারবে না। নির্বাচনে দায়িত্ব পালন করতে ডিসিদের কোনও অসুবিধা হবে না। কেননা এবারের নির্বাচন নির্দলীয় ব্যবস্থাপনায় হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা প্রশাসকদের পাহাড়ের তালিকা দিতে বলা হয়েছে। পাহাড়ের তালিকা পেয়েছি আমরা। পাহাড় কাটলে আগে শ্রমিকদের ধরা হতো, এখন থেকে মালিককে ধরা হবে। এগুলো দখলমুক্ত করতে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বন দখলমুক্ত করার জন্য আমরা কাজ করছি। আইন অনুযায়ী বন থাকে ডিসিদের নামে। বন উদ্ধারের বিষয়ে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, পাহাড়ের ঢালে সড়কের পাশে সংরক্ষিত বন ঘোষিত এলাকায় কক্সবাজার জেলা প্রশাসনের ৫১ একরের আবাসন প্রকল্পটি বাতিলের নির্দেশনা প্রদান করা হয়েছে।
পরিবেশ উপদেষ্টা পাহাড় কাটার ক্ষেত্রে মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, বনাঞ্চল সংরক্ষণে মধুপুর শালবনের সীমানা চিহ্নিতকরণ, অবৈধ দখলমুক্তকরণ ও সংরক্ষিত বন এবং নদী ও জলাশয়ের রেকর্ড সংশোধনের বিষয়ও আলোচনায় উঠে এসেছে।
তিনি আরও বলেন, জেলাগুলোতে নদ-নদী দখল ও দূষণমুক্ত করতে জেলা প্রশাসকদের উদ্যোগী হতে বলা হয়েছে। এসব নির্ধারণ করে এদের আগের রূপ ফিরিয়ে আনা হবে।
ঢাকার খাল সিটি করপোরেশনের অধীনে রয়েছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, খাল দখল করে যারা কাঁচাবাজার নির্মাণ করে জায়গা দখল করেছেন তাদের কোনও ছাড় দেওয়া হবে না। সিটি করপোরেশন উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করবে।
আমাদের ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা মনে না করে: জামায়াত আমির
তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তায় প্রস্তুত চীন: রাষ্ট্রদূত