মানিকগঞ্জে স্ত্রীকে মারতে গিয়ে দাদিকে মেরে ফেললেন নাতি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম

মাদকাসক্ত নাতির শ্যালো মেশিনের হ্যান্ডেলের আঘাতে জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাতি মো. জসিম উদ্দিন (২৭)।

নিহত জাহানারা বেগম উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের স্ত্রী। 

বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিনকে আটক করা হয়েছে।

ফুকুরহাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, মাদকাসক্ত জসিমের সাথে স্ত্রী মুন্নি বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে জিজেল চালিত ট্রাক্টরের হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে আঘাত করতে যায় জসিম। এ সময় দাদি জাহানারা বেগম তাদের ঝগড়া থামাতে আসলে জসিমের হাতে থাকা হ্যান্ডেলের আঘাতে দাদি জাহানারা আহত হয়।  

পরিবারের সদস্যরা আহত অবস্থায় জাহানারা বেগমকে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে মানিকগঞ্জ মেডিকেলে নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভাসিয়ালি কৃষ্টপুর গ্রামের বাসিন্দা আদিল মাহমুদ বলেন, অভিযুক্ত জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তার আচার-আচরণ ছিল হিংস্র। তিনি প্রায় নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন এবং পারিবারিক ও সামাজিক অশান্তির জন্য দায়ী ছিলেন। তার উচ্ছৃঙ্খল আচরণের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। জসিমের এমন অব্যাহত অসামাজিক কর্মকাণ্ডই শেষ পর্যন্ত পারিবারিক কলহে রূপ নিয়েছিল। 

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এতে মাদকাসক্ত জসিম উদ্দিনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত