সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত হয়েছেন। মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকাসক্ত নাতির মেশিনের হ্যান্ডেলের আঘাতে দাদির মৃত্যু হয়েছে। খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গড়াই নদীর চর থেকে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আবার ঝালকাঠিতে নিখোঁজের ২২ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে
সিরাজগঞ্জ : শাহজাদপুরে স্বামীর ছুরিকাঘাতে রুমানা খাতুন (২১) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী সোহাগ শেখকে (২৮) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে এ হত্যাকা-ের ঘটনাটি ঘটে।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক সোহাগ ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে।’
মানিকগঞ্জ : সাটুরিয়ায় জসিম উদ্দিন (২৭) নামে এক মাদকাসক্ত নাতির শ্যালো মেশিনের হ্যান্ডেলের আঘাতে দাদি জাহানারা বেগমের (৭০) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ‘মাদকাসক্ত জসিমের সঙ্গে স্ত্রী মুন্নির দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে ট্রাক্টরের হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে আঘাত করতে যায় জসিম। এ সময় দাদি জাহানারা তাদের ঝগড়া থামাতে গিয়ে জসিমের হাতে থাকা হ্যান্ডেলের আঘাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা: নগরীর সোনাডাঙ্গায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আল আমিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ২২তলা ডেল্টা ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন একটি বেসরকারি মোবাইল ফোন অপারেটরের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সকালে আল আমিন মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দুটি মোটরসাইকেলে তিনজন তাকে অনুসরণ করে। সোনাডাঙ্গা ২২তলা ডেল্টা ভবনের সামনে আসার পর তাদের একজন আল আমিনের কোমরের ওপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
বালিয়াকান্দি (রাজবাড়ী) : রাজবাড়ীর বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের গড়াই নদীর চর থেকে উৎপল বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নৌপুলিশ ও বালিয়াকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে। গত ১৬ ফেব্রুয়ারি রাতে উৎপল বিশ্বাস জঙ্গল বাজারে নামযজ্ঞ দেখতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
ঝালকাঠি : জেলার নলছিটিতে নিখোঁজের ২২ দিন পর মিজান হাওলাদার (২৮) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর বটতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। অটোরিকশার মালিক আবুল কালাম বলেন, ‘গত ২৯ জানুয়ারি বিকেলে অটো নিয়ে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেননি। বৃহস্পতিবার স্থানীয় এক কৃষক ঘাস কাটতে গেলে তার লাশ দেখতে পায়। পরে স্বজনরা লাশ শনাক্ত করে।’
