ইউনেস্কো সদরদপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ পিএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উপলক্ষে প্যারিসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর সদর দপ্তরে দ্বিতীয় দিনের মূল আয়োজন শেষ হয়েছে। বাংলাদেশের জন্য বিশেষ এই আয়োজনে গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বিভিন্ন দেশের ভাষাবিদ, ভাষা বিশেষজ্ঞ এবং ইউনেস্কোর সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং অতিরিক্ত সচিব নাফিজা সাইমা।

ভাষা সংরক্ষণ ও মাতৃভাষার গুরুত্ব এই আয়োজনের প্রথম দিন ২০ ফেব্রুয়ারি, মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করা ভাষাবিদ, ভাষা বিশেষজ্ঞ ও সম্মানিত ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর মাতৃভাষা-ভিত্তিক শিক্ষা এবং ভাষাকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্ভুক্ত করার আহ্বান।

সাংস্কৃতিক পরিবেশনা ও সমাপনী অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি মূল আয়োজনে বিভিন্ন দেশের আয়োজনের পাশাপাশি বাংলাদেশি শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে  উপস্থিত সকলকে মুগ্ধ করে।

ইউনেস্কোর রেজল্যুশন ও বাংলাদেশের কূটনৈতিক অর্জন ১৯৯৯ সালে ইউনেস্কো সাধারণ পরিষদ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যা ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।

গত বছরের ২৬ মার্চ বাংলাদেশ দূতাবাস, প্যারিসের উদ্যোগে ইউনেস্কোর নির্বাহী পর্ষদের ২১৯তম সভায় দিবসটির রজতজয়ন্তী পালনের জন্য একটি রেজল্যুশন উত্থাপন করা হয়, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা বলেন, ইউনোস্কো ৬৬টি সদস্য দেশের সমর্থনে গৃহীত এই রেজল্যুশনের ফলে ইউনেস্কো প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। তিনি এটিকে বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন বলে উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত