প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেবে জামায়াত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ এএম

কারাবন্দি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে তারা। গতকাল শুক্রবার দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের বেশি সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি পেয়েছেন। আমরা মনে করেছিলাম চরম জুলুম-নির্যাতনের শিকার আজহারুল ইসলামও স্বৈরাচারমুক্ত বাংলাদেশে মুক্তি পাবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় সাড়ে ৬ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও তিনি মুক্তি পাননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত।’

তিনি আরও বলেন, গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত